প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-অপেক্ষার অবসান আর মাত্র কয়েক ঘণ্টার। আজ দুপুরেই নবান্নে বসছে নবগঠিত বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রিসভার মেগা বৈঠক। আর সেই বৈঠকেই স্পষ্ট হয়ে যাবে আগামী পাঁচ বছর বাংলার প্রশাসনিক রাশ কোন মন্ত্রীর হাতে থাকছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই আজ ঘোষণা করতে চলেছেন কার কাঁধে কোন দফতর সঁপা হচ্ছে। তবে নবান্নের এই হাইভোল্টেজ বৈঠকের ঠিক আগেই এক চরম নাটকীয় মোড়! গতকাল রাতেই এক ঝটিকা সফরে রাজধানী দিল্লিতে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক মহল বলছে, এটিকে ‘ঝটিকা সফর’ বলা হলেও, এর গুরুত্ব অপরিসীম। দিল্লিতে পৌঁছেই শুভেন্দু অধিকারী সোজা চলে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের দরবারে। বৈঠক করেন বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৪১ জনের এই বিশাল টিমকে কীভাবে চালনা করা হবে, কাকে কোন হেভিওয়েট দফতর দিলে কাজের গতি বাড়বে, তার চূড়ান্ত ব্লু-প্রিন্ট দিল্লির শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত নিয়েই তৈরি করে ফেলেছেন মুখ্যমন্ত্রী। আজ নবান্নে কেবল সেই খাম খোলার অপেক্ষা।

মনে রাখতে হবে, গত পয়লা জুন রাজভবনে প্রথম দফায় ১৩ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। পরবর্তীতে রাজ্য শাসনের এই মেগা টিমকে আরও মজবুত করতে যুক্ত করা হয়েছে আরও ৩৫ জন মন্ত্রীকে। ফলে মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে ৪১। এই ৪১ জনের টিম সাজানোর ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে অত্যন্ত সুক্ষ্ম এবং ভারসাম্যপূর্ণ সমীকরণ বজায় রেখেছেন, তা কিন্তু স্পষ্ট।এবারের মন্ত্রিসভায় উত্তরবঙ্গ পেয়েছে এক বিপুল অগ্রাধিকার। পাহাড় ও ডুয়ার্সের রাজনৈতিক আবেগকে মর্যাদা দিয়ে একঝাঁক নতুন মুখের পাশাপাশি মোট ১০ জন প্রতিনিধি স্থান পেয়েছেন এই ক্যাবিনেটে। ‘মহিলা ভোটব্যাংক’ নিয়ে বিরোধীদের সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে শুভেন্দুর নতুন টিমে স্থান পেয়েছেন ৭ জন মহিলা মন্ত্রী। প্রশাসনের শীর্ষস্তরে নারী শক্তির এই অন্তর্ভুক্তি রাজ্য রাজনীতিতে এক অত্যন্ত ইতিবাচক বার্তা।

স্বরাষ্ট্র, অর্থ, শিক্ষা, পঞ্চায়েত এবং স্বাস্থ্য—বাংলার রাজনীতির এই পাঁচ মূল চালিকাশক্তি কোন হেভিওয়েটদের ঝুলিতে যায়, তা নিয়ে এখন নবান্নের অলিন্দে অলিন্দে তুমুল চর্চা। জল্পনা চলছে, শুভেন্দু বাবু কি স্বরাষ্ট্রের মতো অতি গুরুত্বপূর্ণ দফতর নিজের হাতের রাশেই রাখবেন, নাকি কোনো বিশ্বস্ত সেনাপতির কাঁধে সেই গুরুভার সঁপবেন? উত্তর মিলবে আজ দুপুরেই। পরিবর্তনের পর বাংলায় নতুন জমানা, নতুন সরকার। আর সেই সরকারের প্রথম পূর্ণাঙ্গ পথচলার শুরুতেই আজ নবান্ন সাক্ষী থাকতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের। চোখ রাখুন আমাদের পোর্টালে, দফতর বণ্টনের প্রতি মুহূর্তের ব্রেকিং আপডেট সবার আগে পাওয়ার জন্য।