প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ এক ধাক্কায় বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং শাসকদল বনাম বিরোধীদের সংঘাতের আবহে এবার সরাসরি লালবাজার তথা রাজ্য পুলিশকে কড়া বার্তা দিলেন তিনি। বিধানসভার বাদল অধিবেশনে দাঁড়িয়ে বিরোধী শিবির তথা কালীঘাটের তৃণমূল নেতৃত্বকে তীব্র নিশানা করে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, “এরপর থেকে (তৃণমূলকে) সভা করার অনুমতি দেওয়ার আগে পুলিশকে ২৫ বার ভাবতে বলবো”। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়েছে।

সম্প্রতি কলকাতায় রাজনৈতিক কর্মসূচির মঞ্চ ভাঙা এবং রাতভর উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে বিধানসভায় আলোচনা চলছিল। সেই প্রসঙ্গেই তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কে ভাঙবে মঞ্চ? সারারাত কলকাতাকে উত্তপ্ত করেছে। পুলিশকে এরপর থেকে অনুমতি দেওয়ার আগে ২৫ বার ভাবতে বলবো।” রাজনৈতিক মহলের মতে, নাম না করে কালীঘাটের শীর্ষ নেতৃত্ব ও তৃণমূলের একাংশের হুলিগানিজমের বিরুদ্ধেই এই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিনের বক্তব্যেও তার ব্যতিক্রম হয়নি। বিধানসভায় দাঁড়িয়ে তিনি সাফ জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা প্রশাসনকে ব্যবহার করে কলকাতায় অশান্তি ছড়ানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। কোনো রকম বিশৃঙ্খলা বা আইন অমান্য করার ঘটনা ঘটলে পুলিশকে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেন তিনি। আর সেই কারণেই কোনো দলকে সমাবেশের অনুমতি দেওয়ার আগে পুলিশ প্রশাসনকে অনেক বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই “২৫ বার ভাবার” মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই তৃণমূল শিবিরের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া শুরু হয়েছে, যার ফলে বিধানসভার ভেতরে ও বাইরে রাজনৈতিক চাপানউতোর এখন তুঙ্গে।