প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ এবার একেবারে ফুটন্ত স্তরে পৌঁছে গেল। বুধবার রাজ্য বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একুশে জুলাইয়ের সমাবেশের পরদিনই বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট বক্তৃতায় বক্তব্য রাখার সময় অভিষেকের নাম না করে তীব্র কটাক্ষ করেন তিনি। স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ভাইপো-পন্থী তৃণমূলের নাম-নিশানা পশ্চিমবঙ্গে থাকবে না। এটা আমার দায়িত্ব।”

গতকালের ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, নতুন তৃণমূল ২০৩১ সালের নির্বাচনে প্রতিটি হিসাব বুঝে নেবে এবং রাজপথে প্রয়োজনে ডিজে বাজিয়ে আন্দোলন হবে। তারই পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় দাঁড়িয়ে উপহাসের সুরে বলেন, “কী বলেছিলেন? ডিজে বাজাবেন? বাংলার লোক এবার ওনাদেরই ডিজে বাজিয়ে বিদায় দিয়ে দিয়েছে।” তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিষেককে ‘বাঘ’ বলে সম্বোধন করা প্রসঙ্গেও কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, “ওটা বাঘ না বিড়াল? ফলতায় একবার দেখেছেন? যত চুরি-ডাকাতি করেছেন, এবার গর্ত খুঁড়ে বের করব।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২০৩১ সালের বদলা নেওয়ার চ্যালেঞ্জকে কার্যত উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তুমি বাইরে থাকলে তো ৩১-এ হিসাব হবে! চুরির দায়ে কপালে কী আছে আগে সেটা ভাবো।” তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, যদি সাহস থাকে তবে আগামী লোকসভা নির্বাচনে আবার ডায়মন্ড হারবার আসন থেকেই জিতে দেখান। মাত্র আড়াই হাজার লোক নিয়ে বড় বড় কথা বলে লাভ নেই, গ্রাম পঞ্চায়েতের সভাতেও এর চেয়ে চারগুণ বেশি ভিড় হয়।

মুখ্যমন্ত্রীর এই আক্রমণের পর শান্ত থাকেনি বিরোধী শিবিরও। ‘কালীঘাট-তৃণমূল’-এর পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। বিরোধী বিধায়কদের দাবি, নবনির্বাচিত বিজেপি সরকার সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করছে এবং কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে। বিধানসভার ভেতরে ও বাইরে দুই শিবিরের এই তুমুল বাকযুদ্ধকে কেন্দ্র করে বর্তমানে বাংলার রাজনৈতিক পরিবেশ চরম উত্তপ্ত।