প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তোলাবাজি ও শ্লীলতাহানির মামলায় ধৃত তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসকে নিয়ে সোমবার সকালে তাঁর নিউ আলিপুরের সাহাপুর কলোনির ফ্ল্যাটে তল্লাশি অভিযানে নামল পুলিশ। এদিন নিউ আলিপুর থানার তদন্তকারী আধিকারিকদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তদন্তের স্বার্থে ধৃত অভিযুক্তকে সশরীরে তাঁর নিজের ফ্ল্যাটে এনে এই চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

বেশ কিছুদিন আগে স্টুডিও পাড়ায় ভয় দেখানো, তোলাবাজি, কাটমানি আদায় এবং শ্লীলতাহানির মতো একাধিক গুরুতর অভিযোগে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলাতেই আজ এই বড়সড় পদক্ষেপ নিলেন তদন্তকারীরা। তল্লাশি প্রক্রিয়া চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, তার জন্য গোটা বহুতল ও সংলগ্ন এলাকা কড়া কর্ডনে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেফাজতে থাকা স্বরূপ বিশ্বাসের বয়ানে বেশ কিছু অসঙ্গতি মিলেছে। এরপরই তাঁর ফ্ল্যাট থেকে তোলাবাজি সংক্রান্ত কোনো গোপন ডায়েরি, আর্থিক লেনদেনের নথি বা ডিজিটাল প্রমাণ পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখতে এই ঝটিতি হানা।

ওয়াকিবহাল মহলের মতে, টলিপাড়ার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ কলাকুশলীদের স্বার্থে প্রশাসনের এই কড়া পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই তল্লাশি থেকে মামলার কোনো নতুন তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর সবার।