প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তারাতলায় নির্মীয়মাণ বহুতল গুদাম ঘরের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনার পর এবার আহত শ্রমিকদের অবস্থা খতিয়ে দেখতে সরাসরি এসএসকেএম (SSKM) হাসপাতালে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে এসে পৌঁছন। সেখানে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সবরকম জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে হাজির ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আজ দুপুরে তারাতলার ট্রান্সপোর্ট ডিপো রোডে একটি বেসরকারি সংস্থার নির্মীয়মাণ তিনতলা গুদামের আরসিসি ছাদ ও লোহার বিম হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বহু শ্রমিক। ঘটনার খবর পেয়েই বিকেলে দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে উদ্ধারকাজের তদারকি শেষ করে তিনি সোজা চলে আসেন এসএসকেএম হাসপাতালে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে ২১ জনকে বের করা সম্ভব হলেও ১৮ জন গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য নিউরোলজিস্ট, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন বিশেষজ্ঞদের নিয়ে একটি মাল্টি-ডিসিপ্লিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক নজিরবিহীন কড়া পদক্ষেপের ঘোষণা করেছেন। কলকাতা পুরসভার (KMC) ইঞ্জিনিয়ারদের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে তিনি জানান, এই গুদাম ঘরটির বিল্ডিং প্ল্যানে মারাত্মক ত্রুটি ছিল। এরই প্রেক্ষিতে বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত কলকাতা পুরসভা (KMC) এলাকার অন্তর্গত সমস্ত নির্মীয়মাণ প্রকল্পের কাজ সম্পূর্ণ স্থগিত থাকবে।” এই সময়ের মধ্যে সমস্ত নির্মাণ কাজের একটি পুঙ্খানুপুঙ্খ অডিট করা হবে, এবং অডিট রিপোর্ট সন্তোষজনক হলেই পুনরায় কাজ শুরু করা যাবে বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি। পাশাপাশি, এই ঘটনার পেছনে কাদের গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হচ্ছে। আগামীকাল বিধানসভা অধিবেশনে এই তারাতলা দুর্ঘটনা নিয়ে সরকার বিস্তারিত তথ্য পেশ করবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।