প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজার পরেই এবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করলো পিরজাদা নৌশাদ সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। সোমবার ফুরফুরা শরিফে এক জনাকীর্ণ সাংবাদিক বৈঠকে প্রথম দফার ২৩ জন প্রার্থীর নাম প্রকাশ করেন নৌশাদ। এই তালিকার সবথেকে বড় চমক এবং রাজনৈতিক মহলে সবথেকে চর্চিত বিষয় হলো তৃণমূলত্যাগী হেভিওয়েট নেতা আরাবুল ইসলামের অন্তর্ভুক্তি।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রটি দীর্ঘকাল ধরে তৃণমূলের দাপুটে নেতা সওকত মোল্লার গড় হিসেবে পরিচিত। এবার সওকত মোল্লা নিজে ভাঙড় থেকে লড়াই করছেন, আর তাঁর ছেড়ে আসা এই পুরনো কেন্দ্রে ISF প্রার্থী করেছে ‘তাজপুরি বাঘ’ নামে পরিচিত আরাবুল ইসলামকে। সম্প্রতি তৃণমূলের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে ISF-এ যোগ দিয়েছেন আরাবুল। একদা সওকতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আরাবুল এখন তাঁরই গড়ে তৃণমূলের নতুন প্রার্থী বাহারুল ইসলামের প্রধান প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্যানিং পূর্বে আরাবুলকে প্রার্থী করে ISF সরাসরি তৃণমূলের দুর্গে বড়সড় ভাঙন ধরাতে চাইছে।

অন্যদিকে, নৌশাদ সিদ্দিকি নিজে তাঁর পুরনো কেন্দ্র ভাঙড় থেকেই পুনরায় লড়াই করার ঘোষণা দিয়েছেন। গত নির্বাচনে এটিই ছিল ISF-এর জেতা একমাত্র আসন। এবার সেখানে তাঁর প্রধান প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট নেতা সওকত মোল্লা। ফলে ভাঙড় ও ক্যানিং পূর্ব—এই দুই প্রতিবেশী কেন্দ্রেই এবার এক চরম প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হলো।

নৌশাদ সিদ্দিকি জানিয়েছেন, এই ২৩টি আসনের তালিকা বামফ্রন্টের সঙ্গে আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ, এই আসনগুলিতে বামফ্রন্ট ISF প্রার্থীদের পূর্ণ সমর্থন জানাবে। তবে নন্দীগ্রাম-সহ ৫-৬টি আসন নিয়ে এখনও বামেদের সঙ্গে চূড়ান্ত ঐক্যমত্য হওয়া বাকি। নন্দীগ্রামে ISF প্রার্থী হিসেবে মৌলানা মহম্মদ শবে মিরাজ খানের নাম ঘোষণা করা হলেও জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।

ISF-এর প্রথম তালিকায় আরাবুল ছাড়াও আরও বেশ কিছু তৃণমূলত্যাগী নেতার নাম রয়েছে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা আসনে তৃণমূল ছেড়ে আসা মফিদুল হক সাহাজিকে প্রার্থী করা হয়েছে। এছাড়া আমডাঙা থেকে জামালুদ্দিন এবং মেটিয়াবুরুজ থেকে পিরজাদা কুতুবুদ্দিন সিদ্দিকির নাম ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে, নির্বাচনের অনেক আগেই শক্তিশালী প্রার্থী তালিকা ঘোষণা করে ISF বুঝিয়ে দিল, ২০২৬-এর লড়াইয়ে তারা অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে ময়দানে নামছে। বুধবার দলটির প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।