প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই শিলিগুড়ির রাজপথ এখন তপ্ত। আজ, বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির মহাবীরস্থান সংলগ্ন এলাকায় বর্ণাঢ্য মিছিলে প্রচার সারলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আর সেই প্রচারের ময়দান থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় বিঁধলেন তিনি। শঙ্করবাবুর সাফ কথা, “ওরা ভয় দেখিয়ে বা পেশিশক্তি প্রদর্শন করে শিলিগুড়ি দখল করতে চাইছে। কিন্তু শিলিগুড়ির মানুষ জানেন, কাকে ভালোবাসতে হয়। আমি ভালোবাসার ফুলের পাপড়ি ছড়িয়েই এই শহরবাসীর মন জয় করবো এবং কমপক্ষে ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করে রেকর্ড গড়ব।”

আজ সকাল থেকেই শঙ্কর ঘোষ তাঁর অনুগামীদের নিয়ে শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র মহাবীরস্থান এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ শুরু করেন। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সময় তিনি অভিযোগ করেন যে, বিরোধীরা পরাজয় নিশ্চিত জেনে এখন নিচুতলার বিজেপি কর্মীদের ভয় দেখানোর কৌশল নিয়েছে। কিন্তু শিলিগুড়ির সচেতন নাগরিকরা এই ভয়ের সংস্কৃতিকে প্রশ্রয় দেবেন না বলেই তিনি দাবি করেন। এখন শঙ্কর ঘোষের এই ৭০ হাজারের লক্ষ্যমাত্রা নিছক হাওয়া থেকে পাওয়া নয়। গত কয়েকটি নির্বাচনের পরিসংখ্যান বিশ্লেষণ করলেই তৃণমূলের উদ্বেগের কারণ স্পষ্ট হয়ে যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শঙ্কর ঘোষ জয়ী হয়েছিলেন ৩৫,৫৮৬ ভোটের ব্যবধানে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মাত্র তিন বছরে বিজেপির শক্তি ব্যাপক বৃদ্ধি পায় এবং শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে লিড দাঁড়ায় ৬৬,০০৯ ভোট। আর লোকসভার এই ৬৬ হাজারি লিডকে ভিত্তি করেই শঙ্কর ঘোষ এবার ৭০ হাজারের বেশি মার্জিনে জয়ের দাবি করছেন।

অনেকে বলছেন, শিলিগুড়ির বর্তমান মেয়র তথা তৃণমূল প্রার্থী গৌতম দেবের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং পুরসভার পরিষেবা নিয়ে নাগরিক অসন্তোষকে হাতিয়ার করেই শঙ্কর ঘোষ তাঁর প্রচারের অভিমুখ স্থির করেছেন। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের লিড যদি অক্ষুণ্ণ থাকে, তবে শঙ্কর ঘোষের ৭০ হাজারি দাবির লক্ষ্য পূরণ হওয়া কেবল সময়ের অপেক্ষা। আজকের এই ঝোড়ো প্রচার শেষে শঙ্কর ঘোষের আত্মবিশ্বাসী বার্তা— “শিলিগুড়ি এবার কেবল জয় নয়, রেকর্ড গড়ার জন্য তৈরি।”