প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য অত্যন্ত বড় খবর! জনগণনার (Census) কাজের জেরে আগামী ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্টে বড়সড় রদবদল হতে চলেছে। পূর্বঘোষিত সূচি থেকে প্রায় ১৫ দিন বা দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, নয়া প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী বছর ২ মার্চ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, যা চলবে ১৬ মার্চ পর্যন্ত। আর মাধ্যমিক শেষ হওয়ার মাত্র দু’দিনের ব্যবধানেই, অর্থাৎ ১৯ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা, যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যেই জোড়া পরীক্ষার এই সম্ভাব্য নির্ঘণ্ট চূড়ান্ত অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হয়েছে।

গত জুলাই মাসেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল যে, ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। কিন্তু বাধ সাধল জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ। জানা গিয়েছে, আগামী ২৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনগণনার মূল কাজ চলবে এবং সংশোধনী প্রক্রিয়া চলবে ৫ মার্চ পর্যন্ত। যেহেতু এই বিশাল কর্মযজ্ঞে রাজ্যের স্কুলশিক্ষকদের একটি বড় অংশকে নিয়োগ করা হচ্ছে, তাই ফেব্রুয়ারি মাসে বোর্ডের পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।

বৃহস্পতিবার বিকাশ ভবনে স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাঠানো প্রস্তাব খতিয়ে দেখে জোড়া পরীক্ষার নির্ঘণ্ট নবান্নে পাঠানো হয়েছে। মুখ্যসচিবের অনুমোদন মিললেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি, ১৯ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে বেশ কিছু সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা থাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে প্রায় সাত দিনের বাড়তি ছুটি রাখা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সরকারি স্তরে প্রশাসনিক বাধ্যবাধকতার যুক্তি খাড়া করা হলেও, এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই তীব্র অসন্তোষ দানা বেঁধেছে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাবিদদের একাংশের মধ্যে। শিক্ষামহলের একাংশের প্রশ্ন, প্রতি বছরই দেখা যায় ভোট, উৎসব কিংবা জনগণনার মতো শিক্ষাবহির্ভূত কাজের চাপে পড়ুয়াদের ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর সূচি ওলটপালট হয়ে যায়। পর্যবেক্ষকদের একাংশের মতে, পরীক্ষা ১৫ দিন পিছিয়ে যাওয়ার অর্থ হল উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ এবং পরবর্তীকালে সর্বভারতীয় স্তরে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বাংলার পড়ুয়াদের আরও কিছুটা পিছিয়ে পড়া। তাছাড়া, এপ্রিল মাস পর্যন্ত পরীক্ষা গড়ালে প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষার্থীদের যে চরম ভোগান্তির মুখে পড়তে হবে, সেই দায় কে নেবে?— এই প্রশ্নও তুলছেন অভিভাবকদের একাংশ। প্রশাসনিক কাজের জন্য শিক্ষকদের ব্যবহার করতে গিয়ে আখেরে ছাত্রছাত্রীদের শিক্ষাবর্ষকেই কি বলি চড়ানো হচ্ছে না?— রাজ্য জুড়ে এখন ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই।