প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার প্রশাসনিক স্তরে এক অভাবনীয় পরিবর্তনের সূচনা হতে চলেছে, যার কেন্দ্রবিন্দুতে স্বয়ং মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের বহুদিনের পুঞ্জীভূত সমস্যা এবং অভাব-অভিযোগের স্থায়ী নিষ্পত্তির লক্ষ্যে আগামী ১ জুন থেকে রাজ্যে চালু হচ্ছে ‘জনতার দরবার’ কর্মসূচি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সফল সুশাসন মডেলের ধাঁচে এবার পশ্চিমবঙ্গেও এই জনকল্যাণমুখী পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নবান্ন ও প্রশাসনিক সূত্রে খবর, সপ্তাহের নির্দিষ্ট এক বা দু’দিন সরাসরি সাধারণ মানুষের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী নিজে। প্রতি সেশনে আনুমানিক দুই ঘণ্টা করে এই কর্মসূচি পরিচালিত হবে। আমজনতা যাতে নিয়মের বেড়াজালে না আটকে সরাসরি প্রশাসনের সর্বোচ্চ স্তরে তাঁদের অভিযোগ বা আবেদন পৌঁছে দিতে পারেন, তার জন্যই এই বিশেষ উদ্যোগ।

মুখ্যমন্ত্রীর এই ‘জনতার দরবার’-এ শুধুমাত্র আবেদন গ্রহণই হবে না, বরং দ্রুত নিষ্পত্তির জন্য সেখানে উপস্থিত থাকবেন রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ ও শীর্ষ স্তরের আধিকারিকরা। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে নবান্ন থেকেই সরাসরি অন-স্পট নির্দেশ দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

১ জুন থেকে এই নতুন ব্যবস্থা যাতে সম্পূর্ণ ত্রুটিহীনভাবে চালু করা যায়, তার জন্য নবান্নের শীর্ষ মহল ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক রূপরেখা তৈরি ও পরিকাঠামো গঠনের কাজ এখন শেষ পর্যায়ে।রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতা অনেকটাই কমবে এবং সরকারের স্বচ্ছতা ও দায়বদ্ধতা আমজনতার কাছে সরাসরি প্রমাণিত হবে। জুনের প্রথম দিন থেকেই এই নতুন অধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।