প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আইন সবার জন্যই সমান, তা আরও একবার প্রমাণিত হলো। ত্রিপুরায় পুলিশের কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মীদের কর্তব্যে বিঘ্ন ঘটানোর একটি পুরনো মামলায় এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরার কড়া নোটিস পাঠাল ত্রিপুরার খোয়াই আদালত। ১০ জুন কলকাতার কালীঘাটে তাঁর বাসভবনে এই সমন পৌঁছে দেওয়া হয়। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল, এই নোটিস হয় সরাসরি সংশ্লিষ্ট নেতার হাতে দিতে হবে, না হলে তাঁর বাড়ির দেওয়ালে সেঁটে দিয়ে ছবি তুলে প্রমাণ রাখতে হবে। আদালতের এই কঠোর অবস্থানের পর আলিপুর কোর্টের বেলিফ স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে কালীঘাটে পৌঁছান। পরিস্থিতি বুঝে সেখানে উপস্থিত নেতা কুণাল ঘোষ শেষ পর্যন্ত দেওয়ালে নোটিস সাঁটার অস্বস্তি এড়াতে তা নিজে উদ্যোগী হয়ে গ্রহণ করার ব্যবস্থা করেন।
ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচির সময় খোয়াই থানায় পুলিশ কর্মীদের ওপর চাপ সৃষ্টি এবং বিক্ষোভ প্রদর্শনের যে অভিযোগ উঠেছিল, সেই ঘটনার প্রেক্ষিতেই এই সমন জারি হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, সম্প্রতি রাজ্যে অন্য একটি মামলায় সিআইডি (CID)-র নোটিসের পর ত্রিপুরার আদালতের এই অনমনীয় মনোভাব রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
রাজনৈতিক মহলের মতে, জনপ্রতিনিধি হলেও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া থেকে যে কোনো ছাড় পাওয়া যায় না, খোয়াই আদালতের এই পদক্ষেপ তারই বড় প্রমাণ। এখন দেখার, ত্রিপুরার আদালতের এই সশরীরে হাজিরার নির্দেশ মেনে তিনি কবে আদালতে যান, নাকি এবারও কোনো উচ্চতর আদালতের আইনি রক্ষাকবচের পথ বেছে নেওয়া হয়।