প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভবানী ভবনে ম্যারাথন জিজ্ঞাসাবাদের কয়েক ঘণ্টার মধ্যেই আবারও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের শান্তিনিকেতন বাসভবনে পৌঁছাল রাজ্য গোয়েন্দা সংস্থা (CID)-র একটি দল। ভোট প্রচারের সময় বিতর্কিত ‘ডিজে’ মন্তব্য সংক্রান্ত মামলার তদন্তে আজ বিকেলে তাঁকে নোটিস দিতে যান সিআইডি আধিকারিকরা।
গতকাল সন্ধ্যায় বিধানসভার সই জাল মামলায় ভবানী ভবনে সিআইডি-র মুখোমুখি হয়েছিলেন অভিষেক। সেই রেশ কাটতে না কাটতেই ফের তাঁর বাড়িতে হাজির হলেন গোয়েন্দারা। মূলত, বিধানসভা ভোটের প্রচারে উসকানিমূলক ‘ডিজে’ মন্তব্য ও হুমকির অভিযোগে বিধাননগর সাইবার থানায় একটি মামলা রুজু হয়েছিল। গতকালই সিআইডি এই তদন্তের দায়িত্বভার নিজের হাতে নেয়। এদিন সিআইডি আধিকারিকরা যখন কালীঘাটের বাড়িতে পৌঁছান, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন না। ফলে নোটিস দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তদন্তকারীদের।
সূত্রের খবর, সই জাল মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর আগামী ১৪ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও ভবানী ভবনে তলব করেছে সিআইডি। একই দিনে জোড়া মামলার সাঁড়াশি চাপে তৃণমূল সাংসদ। সই জাল বিতর্কের পর এবার ‘ডিজে’ মন্তব্যের মামলায় সিআইডি-র এই সক্রিয়তা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।