প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিধানসভার অন্দরে ক্ষমতার লড়াই আর আইনি টানাপোড়েনের পারদ ফের চড়ল তুঙ্গে। গতকাল শুক্রবার শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রায়ের সিঙ্গল বেঞ্চ বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে। আপাতত বিরোধী দলনেতা (LoP) হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নিয়োগ বাতিল করে আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আর এই রায় সামনে আসতেই রীতিমতো বিজয়োৎসব শুরু হয়ে গিয়েছে ‘কালীঘাট শিবির’-এ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের এই অকাল-উল্লাসকে এক মুহূর্তে মাটিতে নামিয়ে এনে তীব্র ভাষায় আক্রমণ শানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
হাইকোর্টের এই অন্তর্বর্তী নির্দেশকে বড় জয় বলে দাবি করছে মমতা শিবির। তবে শাসক শিবিরের এই খুশির বহর শুনে তীব্র শ্লেষাত্মক ভঙ্গিতে ঋতব্রত বলেন, “অবোধের গোবধে আনন্দ। ভিতরে কী কথা হয়েছে, তা বলা উচিত নয়, কিন্তু শরৎ আর শীতের মধ্যে হেমন্ত বলে একটা ঋতু থাকে।” রাজনৈতিক মহলের মতে, ঋতব্রত স্পষ্ট বুঝিয়ে দিলেন যে, হাইকোর্টের এই রায় চূড়ান্ত কোনো জয় নয়, বরং একটি সাময়িক প্রক্রিয়া মাত্র। তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানিয়েছেন, স্পিকার যেদিন ডাকবেন, সেদিনই অরূপ রায়ের নেতৃত্বাধীন ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’-এর পক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে তিনি হাজির হবেন।
আদালতের অন্দরে মমতা শিবিরের হয়ে সওয়াল করার ভূমিকা নিয়ে প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও রেয়াত করেননি ঋতব্রত। নাম না করে কল্যাণকে ‘মুহুরি’ বলে কটাক্ষ করে তিনি বলেন, “এখন অবশ্য মুহুরি নয়, মুহুরি ছিল। মুহুরিদের পক্ষে বোঝা-জানা মুশকিল। আমার যা ধারণা, আজ উনি যা পারফর্ম করেছেন, তাতে পরেরদিন মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর ভাইপো আর হয়তো পিট করাবে না। এটুকু বলতে পারি।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একদিকে হাইকোর্টের রায়কে হাতিয়ার করে মমতা শিবির যখন রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত, ঠিক তখনই দলের শীর্ষ নেতৃত্ব এবং তাঁদের আইনজীবীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কালীঘাটের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিলেন ঋতব্রত।