প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ঘাসের ওপর ‘জোড়াফুল’ প্রতীক এবং ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম কার দখলে থাকবে—তা নিয়ে দিল্লির নির্বাচন কমিশন দফতরে শুরু হয়েছে চূড়ান্ত আইনি লড়াই। গতকাল শুক্রবার কমিশনের শুনানিতে অরূপ রায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নতুন করে কিছু নথি পেশ করতে চাইলে তীব্র আপত্তি জানান মমতা শিবিরের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ে নথি না দেওয়ার অভিযোগ তুলে কল্যাণ যখন প্রতিপক্ষকে বিঁধছেন, ঠিক তখনই কমিশন থেকে বেরিয়ে মমতা শিবিরের বিরুদ্ধে ‘ভয় দেখানো’ ও ‘চাপ সৃষ্টি’ করার বিস্ফোরক অভিযোগ এনে পাল্টা তোপ দাগলেন ঋতব্রত।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ঋতব্রত শিবির আগে কোনো নথি দেয়নি এবং এখন নতুন নথি দিয়ে সময় নষ্ট করার চেষ্টা করছে। কল্যাণের এই অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে আনেন এক চাঞ্চল্যকর তথ্য। তাঁর স্পষ্ট অভিযোগ, “আমরা ডকুমেন্ট কেন দিইনি, তা পরিষ্কারভাবে জানিয়েছি। একাধিক বিধায়ককে ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে সই করানো হয়েছিল, তাঁরা আবার এফআইআর বা কমপ্লেন করেছেন। আমরা সব নির্বাচন কমিশনকে জানিয়েছি।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিরুদ্ধে নেতা-কর্মীদের ওপর চাপ তৈরির অভিযোগ এনে ঋতব্রত আরও জানান, এই নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণেই আগে নথিগুলো জমা দেওয়া হয়নি। তাঁর কথায়, “এটারই ভয় ছিল। যেহেতু ১০ দিন অতিরিক্ত ছিল, বহু নেতা-কর্মী থানায় একের পর এক অভিযোগ করেছেন। এখন আর প্রবলেম নেই। দিয়ে দেব।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কমিশনের অন্দরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন আইনি মারপ্যাঁচে ঋতব্রত শিবিরকে কোণঠাসা করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই বিধায়কদের ভয় দেখিয়ে সই করানো এবং থানায় এফআইআর করার প্রসঙ্গ তুলে মমতা শিবিরের নৈতিকতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন ঋতব্রত।