প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিরোধী ঐক্যের ফানুস কি তবে চুপসে গেল? সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের ঠিক আগেই বিরোধী শিবির বা ‘ইন্ডিয়া’ (INDIA) জোটকে কার্যত খাদের কিনারায় দাঁড় করিয়ে দিলেন মারাঠা স্ট্রংম্যান শরদ পওয়ার। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে কেন্দ্রের মোদী সরকার প্রস্তাবিত ‘আসন পুনর্বিন্যাস’ (Delimitation) ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পেশ করতে চলেছে। আর সেই বিলেই এনডিএ (NDA) সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে শরদ পওয়ারের দল এনসিপি (এসপি)! পওয়ারের এই ‘মাস্টারস্ট্রোক’-এ একদিকে যেমন সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল মোদী সরকার, তেমনই অস্তিত্বের সংকটে পড়ে দিশেহারা অবস্থা কংগ্রেস-সহ বিরোধী শিবিরের।
গত এপ্রিল মাসে এই বিলটি আটকে দিয়ে যে বিরোধী শিবির জয়ের ঢাক পিটিয়েছিল, সাত মাস ঘুরতে না ঘুরতেই সেই জোটেই বড়সড় ফাটল। আজ শনিবার সকালে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ‘ইন্ডিয়া’ জোটের রণকৌশল ঠিক করতে জরুরি বৈঠক ডাকা হলেও, তাতে যোগ দেননি এনসিপি (এসপি)-র ওয়ার্কিং প্রেসিডেন্ট সুপ্রিয়া সুলে। পিতা শরদ পওয়ারের অসুস্থতার (ডিহাইড্রেশনের কারণে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি) কথা জানিয়ে তিনি সরাসরি সোমবার অধিবেশনে যোগ দিতে দিল্লি যাবেন বলে স্পষ্ট করে দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধীদের তথাকথিত ‘ঐক্যের’ মঞ্চ যে আসলে ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে, পওয়ারের এই চালে তা ফের একবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। অন্যদিকে, শুক্রবারই মুম্বইয়ে হাসপাতালে শরদ পওয়ারের সঙ্গে দেখা করার পর দলের প্রবীণ নেতা জীতেন্দ্র আওহাদ প্রকাশ্যে ঘোষণা করে দেন, “ডিলিমিটেশন একটি সাংবিধানিক প্রক্রিয়া। আমাদের দলের আটজন সাংসদই এই বিলকে সমর্থন করবেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।”
রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, খালি হাতে মোদী সরকারকে সমর্থন দিচ্ছেন না ‘চাণক্য’ শরদ পওয়ার। দলীয় ও রাজনৈতিক সূত্রের খবর অনুযায়ী, এই বিলে সমর্থনের বিনিময়ে কেন্দ্র ও রাজ্য—দুই স্তরেই বড়সড় ক্ষমতার অংশীদারিত্ব দাবি করেছে। লোকসভার সাংসদ তথা শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভায় (Union Cabinet) একটি গুরুত্বপূর্ণ পদ দাবি করা হয়েছে। শুধু দিল্লি নয়, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশ সরকারের মন্ত্রিসভাতেও দুটি ক্যাবিনেট এবং দুটি প্রতিমন্ত্রী পদ দাবি করেছে পওয়ার শিবির। জল্পনা তুঙ্গে যে, জয়ন্ত পাটিল অর্থ দফতর এবং জীতেন্দ্র আওহাদ অন্য একটি গুরুত্বপূর্ণ দফতর পেতে পারেন।
সূত্রের খবর, শরদ পওয়ার নিজে ফোন করে কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছেন যে, দলের অন্দরে ভাঙন রুখতে এবং অস্তিত্ব বাঁচাতে এই বিলকে সমর্থন করা ছাড়া তাঁর কাছে আর কোনো উপায় ছিল না। উল্লেখ্য, কেন্দ্রের নতুন খসড়া বিলে সমস্ত রাজ্যের বর্তমান আসন সংখ্যার অনুপাত বজায় রেখে ৫০ শতাংশ আসন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে, যা আগামী ২৫ বছর (২০৫১ সালের পরবর্তী জনগণনা পর্যন্ত) কার্যকর থাকবে।
এদিকে, পওয়ারের এই সিদ্ধান্তে রীতিমতো দিশেহারা কংগ্রেস ও উদ্ধব ঠাকরের শিবসেনা। চলতি বছরের শুরুতেই রাজ্যসভায় শরদ পওয়ারকে জেতাতে নিজেদের আসন ছেড়ে দিয়েছিল কংগ্রেস। আজ সেই পওয়ারই উল্টো পথে হাঁটায় মহারাষ্ট্র কংগ্রেস নেতৃত্ব তীব্র ক্ষোভ উগরে দিয়েছে। অন্যদিকে, উদ্ধব শিবিরের সাংসদ সঞ্জয় রাউত তোপ দেগে বলেছেন, যাঁরা এই বিলকে সমর্থন করবেন, ইতিহাস তাঁদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে মনে রাখবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে যখন রাহুল গান্ধী বিলটি আটকানোর হুঁশিয়ারি দিচ্ছেন, তখন জোটের অন্যতম প্রধান স্তম্ভ শরদ পওয়ারের এই ডিগবাজি প্রমাণ করে দিল—বিরোধী শিবিরের অন্দরে না আছে কোনো সমন্বয়, না আছে কোনো আদর্শগত মিল; ক্ষমতা আর অস্তিত্বের লড়াইয়ে ‘ইন্ডিয়া’ জোট আজ কার্যত ছন্নছাড়া!