প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সংসদের চার দিনের বিশেষ অধিবেশনের মাত্র আটচল্লিশ ঘণ্টা আগে রীতিমতো ছত্রভঙ্গ অবস্থা বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) ব্লকের। আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল—এই জোড়া ইস্যুতে যখন এনডিএ (NDA) সরকার ৩৬০-এর ম্যাজিক ফিগার ছোঁয়ার পথে, ঠিক তখনই বিরোধী জোটের ঐক্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আর সেই ভাঙা হাট সামলাতেই শনিবার বিকেলে কলকাতা থেকে তড়িঘড়ি দিল্লি উড়ে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বিরোধী জোটের বৈঠকে আমন্ত্রণ থাকা সত্ত্বেও গরহাজির ছিল ডিএমকে (DMK), শরদ পাওয়ারের এনসিপি, আম আদমি পার্টি (AAP) এবং বিজেডি। নয়া খসড়ায় সব রাজ্যে ৫০ শতাংশ আসন বৃদ্ধি এবং ২০৫১ সাল পর্যন্ত আসন অনুপাত অপরিবর্তিত রাখার প্রস্তাব আসায় দক্ষিণী ও আঞ্চলিক দলগুলি বিল দুটিকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে, শিরোমণি আকালি দলও (SAD) ইতিমধ্যেই কেন্দ্রের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে।
এই টালমাটাল পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। সমালোচকদের মতে, তৃণমূল নেত্রীর এই সফর আদতে একাধিক ব্যর্থতা ও চাপের ফসল। একসময় যিনি বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ হওয়ার স্বপ্ন দেখতেন, আজ জোটের শরিকদের ধরে রাখতেই তাঁকে শেষ মুহূর্তে দিল্লি ছুটতে হচ্ছে। বিরোধী জোটকে এককাট্টা করার আগে নিজের দলের অন্দরেই চরম অস্বস্তিতে মমতা। তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদ ইতিমধ্যেই এনসিপিআই (NCPI)-তে যোগ দিয়েছেন এবং তাঁদের সাংবিধানিক অবস্থান ও লোকসভার ভেতরে দলের শক্তি নিয়ে চরম চাপে রয়েছেন তৃণমূল নেত্রী। কংগ্রেস যখন ডিলিমিটেশন বিলের বিরোধিতায় অনড়, তখন শরিকদের বড় অংশ এনডিএ-র প্রস্তাবের দিকে ঝুঁকে পড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় কোন পথে হাঁটবেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, যে জোটে ডিএমকে বা এনসিপি-র মতো শক্তিশালী আঞ্চলিক দলগুলিই নিজেদের রাজ্যের স্বার্থে কেন্দ্রের প্রস্তাব মেনে নিচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঝটিকা সফর আদৌ কোনো কার্যকরী ভূমিকা নিতে পারবে কি না, তা নিয়ে ঘোরতর সংশয় রয়েছে। সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে বিরোধী জোটের এই ভরাডুবি আটকানো তৃণমূল নেত্রীর পক্ষে কার্যত অসম্ভব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।