প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠক ছেড়ে আচমকাই বেরিয়ে গেলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। বৈঠক বয়কট করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, যারা দু’দিন আগেও বিজেপির কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, তাদের সঙ্গে এক টেবিলে বসে চা খাওয়া বা কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়।
বিধায়ক নীলাদ্রিশেখর দানা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, দলের জন্মলগ্ন থেকে তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। বাঁকুড়ার বিজেপি নেতা অজিত মুর্মুর মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন যে, যারা একজন ‘বিপ্লবী রাষ্ট্রবাদী’ নেতাকে খুন করেছে, সেই সমস্ত দুষ্কৃতীদের মুখোমুখি বসে তিনি কোনো প্রশাসনিক কাজ করতে চান না।
যদিও বিজেপি বিধায়কের তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। প্রশাসনিক বৈঠক এড়াতেই বিজেপি বিধায়ক এই ধরণের মন্তব্য করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বাঁকুড়ার স্থানীয় রাজনৈতিক মহলে বেশ উত্তেজনা তৈরি হয়েছে।