প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সরকারি স্তরে দুর্নীতি, তোলাবাজি ও কাটমানি সংস্কৃতির অবসান ঘটাতে এবার চূড়ান্ত কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সাধারণ মানুষকে সরকারি কর্মকর্তাদের হেনস্থার হাত থেকে বাঁচাতে ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি নিয়ে ময়দানে নেমেছে নবান্ন। কোনো সরকারি আধিকারিক বা লোকসেবক যদি কাজের বিনিময়ে ঘুষ দাবি করেন, ভয় দেখান কিংবা জোর করে টাকা আদায়ের চেষ্টা করেন, তবে সরাসরি অভিযোগ জানানোর জন্য বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার শুরু করেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা (Anti-Corruption Branch)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর দুর্নীতি দমন শাখাকে (ACB) ৩ জন অভিজ্ঞ আইপিএস অফিসার—মুরলীধর শর্মা, আকাশ মাঘারিয়া এবং কামনাশিস সেন সহ একঝাঁক পুলিশ কর্মী এনে আরও শক্তিশালী করা হয়েছে।

এই দুর্নীতি দমন শাখার অফিশিয়াল হেল্পলাইন নম্বর ও ইমেল: হেল্পলাইন নম্বর: 9836233891।
অফিশিয়াল ইমেল আইডি: acb-wb@nic.in। দুর্নীতি দমন শাখার বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে—”যদি কোনও সরকারি আধিকারিক বা লোকসেবক ঘুষ চান, আপনাকে টাকা দিতে বাধ্য করেন বা হুমকি দেন, অথবা আপনার কাছে দুর্নীতির কোনও তথ্য থাকে, তবে অবিলম্বে জানান।” অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেছে প্রশাসন।‌ এই হেল্পলাইন চালু হতেই নজিরবিহীন সাফল্য পেয়েছে দুর্নীতি দমন শাখা। হেল্পলাইনের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহাকে ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করেছেন ভিজিল্যান্স অফিসাররা। একটি গ্রামীণ উপ-স্বাস্থ্য কেন্দ্র (Sub-health Centre) নির্মাণের বকেয়া বিল পাস করানোর জন্য তিনি এই ঘুষ দাবি করেছিলেন। টাকা লেনদেনের মুহূর্তেই ওত পেতে থাকা দুর্নীতি দমন শাখার টিম তাঁকে পাকড়াও করে।

দুর্নীতি দমন শাখার পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের সুবিধার্থে সুনির্দিষ্ট ৪টি বিষয়ের জন্য আলাদা আলাদা টোল-ফ্রি নম্বরও চালু করেছেন, যেখানে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি অভিযোগ জানানো যাবে: ১৫৫৩৩৪ (155334) – সরকারি পরিষেবা বা প্রকল্পের জন্য কেউ ‘কাটমানি’ বা কমিশন চাইলে। ১৫৫৩৩৫ (155335) – প্রোমোটিং বা নির্মাণকাজে ‘সিন্ডিকেট তোলাবাজি’ অথবা জুলুমবাজি হলে।১৫৫৩৩৭ (155337) – রাস্তায় বা ট্রাকে অবৈধভাবে ‘রোড ট্যাক্স / বেআইনি টোল আদায়’ করা হলে। ১৫৫৩৩৯ (155339) – রাজ্যের কোথাও ‘বেআইনি মদের ঠেক’ বা চোলাই মদের কারবার চললে। রাজ্য সরকারের এই কড়া ও আইনি পদক্ষেপের ফলে সরকারি অফিসগুলিতে দুর্নীতিবাজদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।