প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এক অভূতপূর্ব এবং নজিরবিহীন রাজনৈতিক মহাবিস্ফোরণের সাক্ষী থাকল বাংলার রাজনীতি! উত্তর ২৪ পারগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভাটপাড়া পুরসভায় এক লহমায় ভেঙে পড়ল শাসকদলের পুরো বোর্ড। আজ, ২২ মে ২০২৬, পুরসভার মোট ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ৩০ জন একযোগে মহকুমা শাসকের (SDO) কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। শুধু কাউন্সিলররাই নন, পদত্যাগ করেছেন পুরসভার চেয়ারপার্সন রেবা রাহা এবং ভাইস-চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষও।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর থেকেই ব্যারাকপুর মহকুমার তৃনমূল শিবিরের অন্দরে যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের লাভা জমছিল, আজ তারই এক চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটল। সঠিক নেতৃত্বের অভাব, প্রশাসনিক সমন্বয়হীনতা এবং দীর্ঘদিন ধরে পুরকর্মীদের বেতন বকেয়া থাকার মতো একাধিক জনবিরোধী ও অভ্যন্তরীণ সংকটের জেরেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন কাউন্সিলররা। এদিকে এই চরম প্রশাসনিক শূন্যতার মাঝে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। তিনি স্পষ্ট ভাষায় আশ্বস্ত করে জানিয়েছেন, “পুরবোর্ড ভেঙে পড়লেও সাধারণ মানুষের নাগরিক পরিষেবা কোনোভাবেই স্তব্ধ হতে দেওয়া যাবে না। জনগণের স্বার্থে সরকারি আধিকারিকরাই আপাতত পুরসভার সমস্ত প্রশাসনিক কাজ সচল রাখবেন।”
তৃণমূলের এই দুর্গে ভাঙ্গন ধরায় কাঁচরাপাড়া ও হালিশহরের পর এবার ভাটপাড়াতেও জোড়াফুল শিবিরের রাশ আলগা হয়ে গেল। এই গণইস্তফার পর শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণ কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।