প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার সংসদীয় রাজনীতির ইতিহাসে এক অভূতপূর্ব নজির! আগামী ১০ দিন পশ্চিমবঙ্গ বিধানসভায় থাকছেন না কোনও বিরোধী দলনেতা। শুধু তা-ই নয়, এই দশ দিন রাজ্যের কোনও জনপ্রতিনিধিই সরকারিভাবে বা খাতায়-কলমে ‘বিরোধী দলনেতা’ শব্দবন্ধটি ব্যবহার করতে পারবেন না। শুক্রবার (২৭ নভেম্বর) এক ঐতিহাসিক রায়ে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর গত ৩ জুনের নির্দেশ সম্পূর্ণ খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও। ঘটনার কেন্দ্রে বিধানসভার বিরোধী আসনের দখলদারি। মে মাসের বিধানসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বিরোধী দলনেতার চেয়ার ঘিরে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মূল শিবিরের মনোনীত প্রার্থী প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়; অন্যদিকে বিক্ষুব্ধ গোষ্ঠী বা ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’-এর নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
গত ৩ জুন অধ্যক্ষ রথীন্দ্র বসু বিক্ষুব্ধ গোষ্ঠীর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং বিধায়ক আখরুজ্জামানকে বিরোধী দলের মুখ্য সচেতক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। বিচারপতি কৃষ্ণ রাও সেই দুটি নিয়োগই আইনত অগ্রহণযোগ্য বলে বাতিল করে দিয়েছেন। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের (শোভনদেব চট্টোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির) বক্তব্য শুনে অধ্যক্ষকে নতুন করে যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতে হবে। অধ্যক্ষ নতুন সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ১০ দিন কেউ নিজেকে বিরোধী দলনেতা বলে দাবি করতে পারবেন না।
বিধানসভায় বিরোধী দলের কাজ কী? শাসকদলের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া, মানুষের অভাব-অভিযোগ নিয়ে সরব হওয়া। অথচ গত ছয় মাস ধরে বাংলার মানুষ কী দেখলেন? রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে জনস্বার্থের ইস্যুর চেয়েও বড় হয়ে দাঁড়াল—বিরোধী দলনেতার ঘরটা কার দখলে থাকবে, লালবাতি বা সরকারি সুযোগ-সুবিধা কে পাবেন! একপক্ষ স্পিকারের স্বীকৃতি আদায় করে চেয়ারে বসলেন, আর অন্যপক্ষ সেই চেয়ার টলাতে ছুটলেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। ক্ষমতা হারানোর পর মানুষের পাশে দাঁড়িয়ে আত্মসমালোচনা করার বদলে, বিরোধী আসনে বসেও দুই শিবিরের এই ‘কুর্সির কামড়াকামড়ি’ আজ আদালত কক্ষ পর্যন্ত গড়াল। ফলস্বরূপ, বিচারপতির কলমের খোঁচায় চেয়ারটাই আপাতত শূন্য হয়ে গেল। আইনি লড়াইয়ে শোভনদেব শিবির সাময়িক স্বস্তি পেলেও, সাধারণ মানুষের চোখে দুই তৃণমূলের এই অভ্যন্তরীণ গৃহযুদ্ধ যে বাংলার বিরোধী রাজনীতিকেই চরম হাস্যাস্পদ করে তুলল, তা বলাই বাহুল্য।