প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আজই কি মিলবে বিদেশযাত্রার সবুজ সংকেত, নাকি আইনি জটেই আটকে থাকবে ওড়ার ছাড়পত্র? সুপ্রিম কোর্টের সেই নজিরবিহীন নির্দেশের পর আজ, বুধবার সকালেই কলকাতা হাইকোর্টে বসতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার মামলার হাই-ভোল্টেজ শুনানি। চোখের চিকিৎসার জন্য তৃণমূল সাংসদের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে আজ সকাল থেকেই টানটান উত্তেজনা কলকাতা হাইকোর্টের অলিন্দে। দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মামলাটি কলকাতা হাইকোর্টকেই শুনতে হবে এবং তা শেষ করতে হবে মাত্র ৭ দিনের ডেডলাইনের মধ্যে। আর সেই নির্দেশকে হাতিয়ার করেই আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আজকের এই শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের রাজনৈতিক মহল। আদালতের অন্দরের খবর, মূলত দুটি মূল বিষয়ের ওপর আজ জোরদার সওয়াল-জবাব চলতে পারে। বিগত শুনানিতে হাইকোর্ট প্রশ্ন তুলেছিল, রাজ্যে বা দেশের বুকে যখন বিশ্বমানের চিকিৎসার পরিকাঠামো রয়েছে, তখন কেন বারবার বিদেশেই যেতে হবে? আজ অভিষেকের আইনজীবীরা তাঁর পুরনো অস্ত্রোপচারের নথি এবং কেন আমেরিকার হাসপাতালে ফলো-আপ চিকিৎসা জরুরি, তার সপক্ষে নতুন যুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশন পেশ করতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার আবেদনের বিরোধিতা করে ইডি (ED) বা কেন্দ্রীয় সংস্থা আজ আদালতে কী হলফনামা দেয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কি অভিষেকের বিদেশযাত্রায় কোনো শর্তসাপেক্ষ ছাড়পত্রের পক্ষে সওয়াল করবে, নাকি আদালতের কাছে কড়া নিষেধাজ্ঞার দাবি জানাবে—আজকের শুনানিতে সেটাই দেখার।
আজকের এই হেভিওয়েট শুনানির জন্য দু’পক্ষই তাদের আইনি কামান দাগতে প্রস্তুত। অভিষেকের পক্ষে সওয়াল করার জন্য তৈরি রয়েছেন প্রবীণ আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্য। অন্যদিকে, কেন্দ্রীয় সংস্থা এবং বিপক্ষের হয়ে আদালতে আইনি লড়াই লড়বেন রাজদীপ মজুমদারসহ একাধিক শীর্ষ আইনজীবী। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ৭ দিনের সময়সীমার মধ্যে প্রথম দিনই অর্থাৎ আজই হাইকোর্ট কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয়, নাকি পরবর্তী শুনানির দিন ধার্য করে—আজ দুপুরের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে।