প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পূর্ব বর্ধমানের মেমারিতে এক বিশাল প্রশাসনিক জনসভা থেকে রাজ্যের আলু চাষী ও আলু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বর্ধমান ও হুগলির মতো বড় আলু উৎপাদনকারী জেলাগুলির কৃষকদের আশ্বস্ত করে তিনি স্পষ্ট জানান, আগামী ডিসেম্বর মাস থেকে নতুন করে আলু লাগানোর কাজ শুরু হওয়ার আগেই রাজ্য সরকার আলু চাষীদের জন্য একটি বিশাল এবং বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছে। একই সঙ্গে মেমারির মঞ্চ থেকে বিগত তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিগত জমানার আলু নীতি এবং চাষীদের দুর্দশার কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি তোপ দেগে বলেন, “বিগত সরকার আলু চাষী এবং আলু ব্যবসায়ীদের উপর চরম অত্যাচার করেছিল।” আলু ভিন রাজ্যে পাঠানো নিয়ে কড়াকড়ি, ন্যায্য মূল্য না মেলা এবং কোল্ড স্টোরেজ বা হিমঘরগুলির সিন্ডিকেট রাজের কারণে কৃষকদের যে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল, সেই প্রসঙ্গ তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন যে, বর্তমান ডবল ইঞ্জিন সরকারের আমলে কোনো কৃষক বা ব্যবসায়ীকে হেনস্থার শিকার হতে হবে না।

জেলার লক্ষ লক্ষ আলু চাষীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী এদিন নতুন মরসুমের রোডম্যাপ তৈরি করে দেন। তিনি বলেন, “আগামী ডিসেম্বর থেকে আপনারা আলু লাগানোর জন্য জমি তৈরি করবেন। তবে তার আগেই আমাদের সরকার আলু চাষীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করবে।”এই প্যাকেজের মাধ্যমে আলু চাষীদের উন্নত মানের বীজ, সারের জোগান এবং হিমঘরের ভাড়া সংক্রান্ত বিষয়ে বড়সড় আর্থিক ছাড় ও সরকারি সুবিধা দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। আলু চাষীরা যাতে তাঁদের ফসলের সঠিক দাম পান এবং মধ্যস্বত্বভোগী বা ফড়েদের খপ্পরে না পড়েন, তা নিশ্চিত করতেই এই বিশেষ প্যাকেজ আনা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।