প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর ও ভেড়ি দখলের মতো গুরুতর ও জামিন অযোগ্য অভিযোগে গ্রেপ্তার হলেন কলকাতা পুরনিগমের ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও ১১ নম্বর বোরোর প্রাক্তন চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী। শুক্রবার গভীর রাতে সার্ভে পার্ক থানার পুলিশ সন্তোষপুরের বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, গত ২৩ জুন দায়ের করা দুটি পৃথক অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তার। এর মধ্যে একটি মামলায় এক মহিলাকে শ্লীলতাহানি, বেআইনি কাজে বাধা, সম্পত্তি ভাঙচুর ও প্রাণনাশের হুমকির মতো গুরুতর অভিযোগ রয়েছে। অন্য মামলাটি তোলাবাজি ও প্রভাব খাটিয়ে বেআইনিভাবে ভেড়ি দখলের অভিযোগ সংক্রান্ত।
স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় তাঁর একচ্ছত্র দাপট ছিল এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে সিন্ডিকেট চালাতেন তিনি। বর্তমানে তদন্তকারীরা তাঁর আয়ের উৎস ও সম্পত্তির বৈধতা খতিয়ে দেখছেন। আজ শনিবারই তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের খোঁজে পুলিশ তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।
উল্লেখ্য, সুস্মিতা ভট্টাচার্য, স্বপন সমাদ্দার সহ অন্যান্য তৃণমূল নেতাদের পর তারকেশ্বর চক্রবর্তীর গ্রেপ্তারিতে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। বিজেপি একে দুর্নীতি হিসেবে দেখলেও, তৃণমূল জানিয়েছে আইন আইনের পথে চলবে।