প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভাঙড় বিস্ফোরণ মামলার তদন্তে এক বড়সড় মোড়। একটানা সাড়ে ১৩ ঘণ্টার ম্যারাথন তল্লাশির পরেও খোঁজ মিলল না তৃণমূল নেতা সওকত মোল্লার (Saokat Molla)। তদন্তে সহযোগিতা না করে এভাবে এড়িয়ে যাওয়ার কারণে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA) তাঁকে ‘পলাতক’ বা ফেরারি হিসেবেই চিহ্নিত করল বলে বিশেষ সূত্রে খবর।আইনের নজর এড়াতে তিনি এখন কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র রহস্য।

তদন্তকারী সূত্রের দাবি, সওকত মোল্লার ব্যবহৃত ৩টি মোবাইল ফোনই বর্তমানে স্যুইচড অফ রয়েছে। তাঁর শেষ টাওয়ার লোকেশন মিলেছিল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা ও বারুইপুর এলাকায়। সূত্রের খবর, কেন্দ্রীয় এজেন্সির হানার ঠিক আগের দিনও জীবনতলার বাড়ি ছাড়াও বারুইপুরের বিভিন্ন এলাকায় সওকত মোল্লাকে দেখা গিয়েছিল। সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা এই বিষয়ে নিশ্চিত হয়েছেন। তিনি যাতে কোনোভাবেই সীমান্ত পার হতে না পারেন, তার জন্য বিএসএফ (BSF)-কে সওকত মোল্লা সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে সতর্ক করেছে NIA, খবর সূত্রের।

গত রাতেও জীবনতলার বাড়ি, অফিস এবং তাঁর ছেলের একটি রেস্তোরাঁসহ বিভিন্ন সম্ভাব্য ডেরায় রাতভর তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। তদন্তের মুখোমুখি না হয়ে ৩টি মোবাইল ফোন বন্ধ করে সওকত বাবু আর কতদিন আড়ালে থাকবেন? কেন্দ্রীয় এজেন্সির এই সাঁড়াশি অভিযানের মুখে শেষ পর্যন্ত তিনি কি আইনের মুখোমুখি হবেন, নাকি এই লুকোচুরি পর্ব আরও দীর্ঘ হবে? নজর থাকবে পরবর্তী আপডেটে।