প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-জঙ্গলমহলের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ‘করম পরব’-এর মঞ্চকে হাতিয়ার করে বিগত তৃণমূল সরকারকে নজিরবিহীন ভাষায় বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, রবিবার দুপুরে পুরুলিয়ার কড়াডি ময়দানে আয়োজিত কুড়মি সমাজের লক্ষাধিক মানুষের এক মহাসমাবেশে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি তীব্র ক্ষোভ উগরে দিয়ে স্পষ্ট অভিযোগ করেন, বিগত সরকার কেবল আদিবাসী ও মূলবাসী সমাজকে ভাঙার এবং ভাইয়ে ভাইয়ে বিরোধ লাগানোর কাজ করেছে।

কড়াডি ময়দানের বিশাল জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জঙ্গলমহলের মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, “বিগত সরকার বারবার শুধু মিথ্যাচার করেছে. নিজেদের মধ্যে বিরোধ লাগানো, গ্রামে গ্রামে ভাইয়ে ভাইয়ে, বোনে বোনে বিভিন্ন সমাজের মধ্যে নানা ধরনের মিথ্যা কথা বলে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে গোটা জঙ্গলমহলে মানুষকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা করেছে তারা।” এখানেই শেষ নয়, প্রাক্তন শাসক দলের বিরুদ্ধে মারাত্মক তথ্য ফাঁসের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “শুধু মুখে নয়, কাগজপত্রও করেছে এই বিভেদ তৈরির কাজ। আমি অন্য একদিন সেই খতিয়ান আপনাদের সামনে বলব। বিগত সরকার তাদের দেওয়া কোনও প্রতিশ্রুতিই রক্ষা করেনি।”

বিগত জমানার কড়া সমালোচনা করার পাশাপাশি, কুড়মি সমাজের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে করমের মঞ্চ থেকে দুটি যুগান্তকারী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে তপশিলি উপজাতি (ST) মর্যাদার দাবিতে আন্দোলন করতে গিয়ে কুড়মি সমাজের কর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে যে সমস্ত পুলিশি মামলা রজু করা হয়েছিল, নতুন বিজেপি সরকার সেই সমস্ত মামলা প্রত্যাহার করে নেবে। কুড়মি সমাজের দীর্ঘদিনের আবেগ জড়িয়ে থাকা ‘কুরুমালি’ ভাষাকে দেশের অষ্টম তফসিলে (Eighth Schedule) অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকার সর্বাত্মক পদক্ষেপ করবে। মুখ্যমন্ত্রী সাফ জানান, নতুন সরকার বিভেদের রাজনীতিতে বিশ্বাস করে না। ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং অধিকার—এই চারটি জিনিস নতুন সরকারের জমানায় পুরোপুরি সুরক্ষিত থাকবে। শুভেন্দু অধিকারীর এই ঝোড়ো বক্তব্য এবং জোড়া মাস্টারস্ট্রোক উপনির্বাচন ও আসন্ন রাজনৈতিক সমীকরণের মুখে জঙ্গলমহলের রাজনীতিতে এক বড়সড় তোলপাড় সৃষ্টি করল বলে মনে করছে রাজনৈতিক মহল।