প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দুর্গাপূজার প্রাক্কালে রাজ্যের সাধারণ ও শ্রমজীবী মানুষের জন্য বিরাট উপহারের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়।সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST) ছাত্রছাত্রীদের হোস্টেল খরচ এবং ‘কর্মবন্ধু’ কর্মীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত একাধিক ঐতিহাসিক ও বড় সিদ্ধান্ত জনসমক্ষে আনেন।

রাজ্যের যে সমস্ত পিছিয়ে পড়া ও প্রান্তিক শ্রেণির ছাত্রছাত্রীরা সরকারি হোস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের পুষ্টিকর খাবারের জোগান নিশ্চিত করতে বড় আর্থিক পদক্ষেপ নিয়েছে নতুন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, “SC ও ST ছাত্র-ছাত্রী, যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের খাবারের বরাদ্দ মাসিক ১৮০০ টাকা থেকে বাড়িয়ে একলাফে ৩৩০০ টাকা করা হলো”। অর্থাৎ প্রতি ছাত্রছাত্রী পিছু মাসে ১,৫০০ টাকা করে বরাদ্দ বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের এই নতুন নিয়ম আগামী নভেম্বর মাস থেকেই পুরো রাজ্য জুড়ে কার্যকর হতে চলেছে।

পড়ুয়াদের পাশাপাশি রাজ্যের আংশিক সময়ের মেহনতি ‘কর্মবন্ধু’ কর্মীদের মুখেও বড় হাসি ফুটিয়েছে নবান্ন। এত দিন এই কর্মবন্ধুরা মাসিক ৫,০০০ টাকা করে ভাতা পেতেন। বিগত জমানার এই বঞ্চনা দূর করার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “খুব কম পয়সা বেতন আগের সরকার দিত, মাত্র ৫ হাজার টাকা। আমরা তাঁদের এই পুজোর মাস থেকে অর্থাৎ অক্টোবর মাস থেকেই কর্মবন্ধুদের ভাতা বাড়িয়ে ৮,০০০ টাকা করেছি”।

আজকের এই বৈঠকে শুধু এই দুটি ক্ষেত্রই নয়, আরও একাধিক জনমুখী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি (ICDS) এবং হাসপাতালের রোগীদের খাবারের দৈনিক ও মাসিক বরাদ্দও উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে সরকার। কলেজপড়ুয়া ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য অনুমোদিত হয়েছে এই বিশেষ প্রকল্প, যার টাকা আগামী জানুয়ারি মাস থেকেই সরাসরি ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। রাজ্য পুলিশে একসঙ্গে ১২,০০০ নতুন নিয়োগপত্রের বিষয়টিতেও সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। উৎসবের মরশুম শুরুর ঠিক মুখে রাজ্য সরকারের এই একের পর এক জনমুখী ও আর্থিক সিদ্ধান্তের ঘোষণা স্বাভাবিকভাবেই রাজ্যের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ঘরে ব্যাপক খুশির হাওয়া নিয়ে এসেছে।