প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কলকাতার আনন্দপুরের পর এবার খোদ দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী সরকারি স্কুল ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ঘটল হাড়হিম করা ঘটনা। আজ, ২৪ আগস্ট ২০২৬ (সোমবার) সকালে, প্রাতঃবিভাগের (Morning Section) প্রথম শ্রেণির এক খুদে পড়ুয়াকে স্কুলের ভেতরেই সাপে কামড়ানোর ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ছাত্রের নাম দৃপ্ত পাল। সে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার বাসিন্দা এবং ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের প্রথম শ্রেণির ছাত্র। বর্তমানে তাকে গুরুতর অবস্থায় কলকাতার সরকারি এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্কুল ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজ সকালেও খুদে ছাত্রটি স্কুলে এসেছিল। সকাল সাড়ে ৮টা নাগাদ প্রাথমিক বিভাগের টিফিনের বিরতি (Tiffin Break) হতেই ছোট ছোট পড়ুয়ারা একতলায় খেলাধুলার জন্য জড়ো হয়। খেলা চলার সময় একতলার ১৩ নম্বর ঘরের কাছাকাছি ওই পড়ুয়ার ডান হাতে হঠাৎ কিছু একটা কামড়ে দেয়। যন্ত্রণায় ও ভয়ে শিশুটি চিৎকার করে উঠতেই সহপাঠী ও শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে আসেন।পরিস্থিতি দেখে স্কুল কর্তৃপক্ষ এক মুহূর্তও সময় নষ্ট করেনি। দ্রুত খবর দেওয়া হয় শিশুর পরিবারকে। এরপর স্কুল শিক্ষকরাই তাকে উদ্ধার করে নিকটবর্তী এসএসকেএম (SSKM) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে শিশুটি ‘স্নেক বাইট’ বা সাপের কামড়ের শিকার হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, শিশুটিকে তৎক্ষণাৎ শিশু বিভাগে ভর্তি করে অ্যান্টি-ভেনম (AVS) সহ প্রয়োজনীয় জীবনদায়ী প্রতিষেধক ওষুধ দেওয়া শুরু হয়েছে। হাসপাতাল ও স্কুল কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী, খুদে পড়ুয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং সে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছে। এদিকে ঘটনার পরই স্কুল চত্বরে হন্যে হয়ে সাপের খোঁজ শুরু হয় এবং কার্বলিক অ্যাসিড ছড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।